আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক
স্টাফ রিপোর্টার : সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।
আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-বদলি, কেনাকাটা এবং সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
দুদকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং-সংক্রান্ত অভিযোগ রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা থাকার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া অভিযোগ রয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।
অভিযোগসংশ্লিষ্ট অন্যরা হলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৬)
