নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও এসিআই সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
আজ বুধবার সকালের দিকে ভবুকদিয়া স্ট্যান্ডের প্রায় ২০০ গজ পশ্চিমে ফরিদপুর–ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের বাসটির সঙ্গে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের একটি পুকুরে অর্ধেক ডুবে যায় এবং ট্রাকটি মহাসড়কের মাঝখানে উল্টে পড়ে।
দুর্ঘটনায় বাসের যাত্রী, চালক ও হেলপার এবং ট্রাকের চালক-হেলপারসহ একাধিক ব্যক্তি আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। পরে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
(পিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)
