তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বিএনপিকে উপমহাদেশের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিগত ৪৮ বছর দেশের সব উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্রের জন্য যুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দলোনসহ মানুষের যত কল্যাণ সব বিএনপির হাত ধরে হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেগম খালেদা জিয়াসহ বিএনপির বহু নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ গড়তে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে একসাথে কাজ করতে হবে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশারসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সাংসদ সেলিমুজ্জামানের নেতৃত্বে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)