দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে একটি বেজমেন্টসহ ১৫ তলাবিশিষ্ট আধুনিক নতুন ভবন নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন-২১৩ (ফরিদপুর-৩)-এর সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং একটি ১৫ তলা আধুনিক ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তার আবেদন ও আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রক্ষিতেই হাসপাতালটি সম্প্রসারণের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সংসদ সদস্যদের প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ঐ পত্রে, এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলে এবং ১৫ তলার আধুনিক অবকাঠামো নির্মিত হলে জেলা ও আশেপাশের অঞ্চলের লাখো মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)