২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার : আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের আহমদ পক্ষের অনুসারীরা অংশ নেবেন। আর দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম বা সাদপন্থি পক্ষের অনুসারীরা।
দুই পর্বের শেষ দিন যথাক্রমে ১০ ও ১৭ জানুয়ারি। সাধারণত বিশ্ব ইজতেমার প্রতিটি পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
