ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর কোতোয়ালী থানাধীন চক্ কৃষ্ণপুর এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রোপণকৃত ধানের চারায় বিষ প্রয়োগ করে নষ্ট করা এবং এক যুবককে তুলে নিয়ে খুনের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: স্বপন শেখ (সবুজ)।
অভিযোগ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার ১৪২ নং চর মাধবদিয়া মৌজার ৩৩৮৩ নং দাগের ৫৩ শতাংশ জমি নিয়ে চক্ মাধবদিয়া এলাকার আনোয়ার শেখ (৫৬) ও তার লোকজনের সাথে স্বপন শেখদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৯ আগস্ট সকালে স্বপন শেখ জানতে পারেন যে, তাদের চাষকৃত জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, গত ২৮ আগস্ট রাতে ১ নং বিবাদী আনোয়ার শেখ উক্ত জমিতে বিষ প্রয়োগ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ১ নং বিবাদীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর দুপুরে ১ নং বিবাদী অন্যান্য সহযোগীদের নিয়ে লাঠিসোটা সহ মোটরসাইকেলযোগে অনাধিকার প্রবেশ করে ভুক্তভোগীর ভাগিনা মো: জিহাদ রানা (বাচ্ছুর মোল্যার ডাংগী)-কে মারধরের উদ্দেশ্যে খুঁজতে থাকেন। এ সময় জিহাদ রানাকে না পেয়ে তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
ভুক্তভোগীর বোন জোসনা বেগম প্রতিবাদ করলে বিবাদীরা জিহাদ রানাকে যেখানে পাওয়া যাবে সেখানেই খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আইনগত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী স্বপন শেখ।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
