তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রো জব্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কামারবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় র‌্যাব-৬ গোপালগঞ্জের ভাটিয়াপড়া ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। সেখান থেকে র‌্যাব তাদের আটক করে। পরে মাদক ব্যাবসায়ীদের ব্যবহৃত মাইক্রোবাসে তল্লাশী করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন, মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭১) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।

র‌্যাব-৬ গোপালগঞ্জের ভাটিয়াপড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। রাতে আটক মাদক ব্যাবসায়ীদের গাঁজা ও মাইক্রোবাস সহ মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ২ জনকে আসামী করে আমাদের থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। থানার এসআই আব্দুল্রাহ আল মাসউদ মামলাটি তদন্ত করছেন। গ্রেফতাকৃতদের আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)