রাজিব বাস সংস্কার মানববন্ধনে হামলা, আহত ছাত্রশক্তি-যুবশক্তির দুই নেতা
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে রাজীব বাস সার্ভিস সংস্কারের দাবিতে অনুষ্ঠিত ছাত্রশক্তি ও যুবশক্তির মানববন্ধনে হামলা ও মারধরের ঘটনায় জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার আহত হয়েছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ চলমান মানববন্ধনে হামলা চালিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। রাজিব বাসের বেপরোয়া চলাচল বন্ধ, বাস সার্ভিসের মান ও নিরাপত্তা নিশ্চিত এবং দুর্ঘটনাপ্রবণ রুটে কঠোর তদারকির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
হামলার ঘটনার প্রতিবাদে এসপি অফিসের সামনে অবস্থান নেয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দ। এ সময় তারা এসপি ও ডিসির উদ্দেশ্যে বিভিন্ন শ্লোগান দেন।
জানা গেছে, রাজীব বাস সার্ভিস সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় চলমান মানববন্ধনে অতর্কিত হামলা চালায় একদল লোক। দুই গ্রুপের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। হামলা ও এলোপাতাড়ি মারধরে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার আহত হন বলে অভিযোগ করা হয়।
তাদের অভিযোগ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ও উপস্থিতিতে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালায় শ্রমিকরা। হামলায় আমরাসহ চারজন আহত হয়। তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করেও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, আমাদের মানববন্ধন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ মানববন্ধনে অতর্কিত হামলা চালায় বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। পরে আমরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার পর উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত আছে।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
