টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লেগে আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতের দিকে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আল রাফি দশম শ্রেনীর ছাত্র। তার বাবার নাম মোহাম্মদ আল আমিন। কয়েকদিন আগে কুমিল্লার হোমনা থেকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের খালা বাড়িতে বেড়াতে এসেছিল জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ৩ জন উপজেলা মোড় থেকে অতিরিক্ত গতিতে মোটরসাইকেলে চালিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে যাচ্ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি সৌধে কমপ্লেক্সের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে ৩ জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র আল রাফিকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
