৪ বছরের বেশি সময় ধরে শ্যামনগরে অবস্থান!
সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তাজমির হোসেন নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহষ্পতিবার রাত ৮টার দিকে তাকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তাজমির হোসেন (৩০) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগুইহাটি থানাধীন নিউটাউন এলাকার গোপালপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ভারতীয় নাগরিক তাজমির হোসেন বৃহষ্পতিবার রাত ৮টার দিকে ভোমরা ইমিগ্রেশনের সামনে দিয়ে দৌড়ে আইপি চেকপোষ্ট অতিক্রম করে সীমান্তের শূন্যরেখার দিকে যাওয়ার চেষ্টা করলে ভোমরা বিজিবি’র টহলরত সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার কাছ থেকে একটি ডেলকোর ল্যাপটপ, একটি ডিসপ্লে ভাঙা অপ্পো মোবাইল ও নগদ নয় হাজার ১২৫ টাকা জব্দ করা হয়।
এদিকে, বৃহষ্পতিবার দুপুরে সদর থানায় অবস্থানকালে গ্রেপ্তারকৃত তাজমির হোসেন জানান, ২০২২ সালের প্রথম দিকে সে তার এক বন্ধুর সাথে সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষি গ্রামে আসে। সেখানে সে সাদিয়া খাতুন নামে এক নারীর বাড়িতে থাকতো। সেখানে সে মোমেনা খাতুন নামে এক নারীকে বিয়ে করলেও পরবর্তীতে তালাক হয়ে যায়। তার বাবা ও মা তার খোঁজ রাখে না বলে জানায় সে। একপর্যায়ে বৃহষ্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে ফেরার চেষ্টা করলে বিজিবি তাকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাজমির হোসেনের নাম উল্লেখ করে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার হেদায়েতুল ইসলাম বাদি হয়ে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারায় বৃহষ্পতিবার থানায় একটি মামলা(জিআর-৪১৫/২৬, সাতঃ) দায়ের করেছেন। বৃহষ্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
