জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির তাগিদ
সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
এমদাদুল হক স্বপন : জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও তৃণমূলপর্যায়ে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কেন্দ্র থেকে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোসা. আছিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব আলমগীর গনি। স্বাগত বক্তব্য দেন নীতিনির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন।
সভায় সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থান পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নতুন সদস্য সম্পৃক্তকরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের কার্যকর ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্য দেন নীতিনির্ধারণী পরিষদের সভাপতি জামাল হোসেন, নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা, নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় সভাপতি এম আর প্রিন্স, সহ-সভাপতি খায়রুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, শিহাব উদ্দিন টিপু ও অ্যাডভোকেট মঞ্জুরুল হক।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, আঃ মজিদ, আরিফুল আলম টিটো, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব ও ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, ঢাকা জেলা সভাপতি মহাসীন উদ্দিন, পিরোজপুর জেলা সভাপতি হাসান মামুন, পটুয়াখালী জেলা সভাপতি ফিরোজ আহমেদ, ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক রুবেল খানসহ দেশের ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সাংগঠনিক শক্তিই অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। তাই জেলা ও উপজেলা পর্যায়ের ইউনিটগুলোকে সক্রিয় করার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের কার্যকর যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি, পেশাগত প্রতিবন্ধকতা ও অধিকারবঞ্চনার ঘটনায় সাংগঠনিকভাবে পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও জেলা পর্যায়ের নেতৃত্বকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের সাংবাদিক সমাজের একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
(এম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
