এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : মাদকবিরোধী র্যালী ও সমাবেশের ব্যানারে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঐক্যের উদ্যোগে মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জাগরণী মিশন প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিছিলটি এরশাদ নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের আগে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। তিনি মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
যুবনেতা নাজিউর রহমান সুমন বলেন, পতিত সরকারের আমলে সর্বনাশা ইয়াবা দেশে সয়লাব হয়ে গেছে। এমতাবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে মাদক নির্মূলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এরশাদ নগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে হবে।
সাবেক ছাত্রনেতা লিটন আহমেদ বলেন, “মুষ্টিমেয় বা কয়েকজন মাদক কারবারির জন্য আমরা আমাদের সুন্দর এরশাদ নগরকে কলঙ্কিত হতে দেব না।” এস এম শাকিল পারভেজ মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইয়াকুব হোসেন ঢালি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও মনোযোগী হওয়ার অনুরোধ করেন।
বক্তারা মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। মাদকবিরোধী মিছিলটি এরশাদ নগরের ৮ ও ৬ নম্বর ব্লক অটোস্ট্যান্ডে গিয়ে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
(জেজে/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
