সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬০টি বিদ্যালয়ের ১৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ই সেপ্টেম্বর) সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও এমএস গ্লাস এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম (টিটু)। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম গোলাম রাকিব, সোনাতলা পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, জিয়া পরিষদের সদস্য সচিব ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সাজেদুর রহমান সুমন, সোনাতলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি এবং সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলাম আল-আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ। এছাড়া বক্তব্য দেন সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষিত ও মাদকমুক্ত প্রজন্মই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬০টি বিদ্যালয়ের ১৯৪ জন কৃতি শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয় গুলোর কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
