শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) দিনাজপুরস্থ  আঞ্চলিক কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কার্যক্রম এবং ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।

আজ শনিবার দিনাজপুর সদরের হুগলী পাড়া য় এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রামে চলমান গবেষণা ও প্রদর্শনী কার্যক্রম এবং কৃষকের মাঠে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির প্রয়োগ কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা দিনাজপুর অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের সমস্যা ও সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে কৃষি মন্ত্রণালয়ের (পরিকল্পনা-৩ শাখার) উপসচিব মোঃ মনিরুজ্জামান, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন, পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মাসুদ তুষার, এসএসও ড. মোছাঃ সেলিমা জাহানসহ অন্যারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে কৃষকরা ধান চাষের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে দিনাজপুরে স্থায়ী আঞ্চলিক কার্যালয় স্থাপনের চলমান কার্যক্রম, ভূমি অধিগ্রহণ কাজ এগিয়ে নিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত গ্রহণের অনুরোধ জানান স্থানীয়রা।

দিনাজপুরস্থ ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)