এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
নগরকান্দা প্রতিনিধি : এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি; বরং বিগত স্বৈরাচারী সরকার জ্বালানি খাতকে সংকটের মুখে ঠেলে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
আজ শনিবার ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ও বহুমুখী উৎস খুঁজছে। প্রয়োজনে নতুন নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হবে। বিরোধীদল ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বিরোধীদলকে সংসদে ফিরে গিয়ে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান এবং চলমান পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধরার অনুরোধ করেন।
এর আগে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।
(পিবি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
