নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের গত (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান এক শিশু ছাত্রকে বলাৎকার করেন। পরের দিন (২৮ আগস্ট) ভুক্তভোগী ছাত্রের মা ওই মাদরাসায় গেলে ভুক্তভোগী শিশু তার মা'কে ঘটনা জানায়। পরে শিশুটি ও তার মা মাদরাসা কতৃপক্ষকে বলাৎকারের বিষয়টি জানান। এসময় মাদরাসায় থাকা আরো ৫ শিশু শিক্ষার্থীকে ওই শিক্ষক বলাৎকার করেছেন বলে জানায় তারা। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান পালিয়ে যায়।
এরপর গত শনিবার (৫ সেপ্টেম্বর) সদর থানায় ভুক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঐদিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মাহাবুবর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অভিযুক্ত শিক্ষককে শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
(আরএম/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৬)
