তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। সেই পাচারকৃত টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, অন্য কোন পন্থায় নয়।

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার দুপুরে শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত গনসমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। তবে যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকে মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদেরকে সবিনয়ে বলতে চাই জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয়তাবাদী দলের ওপর কোনরকম উস্কানি ও অজাচিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগনকে সাথে নিয়ে রাজপথে মোকাবেলা করা হবে।

এমপি জিলানী আরও বলেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়া যারা বিএনপির রাজনীতি করে প্রত্যেকটা মানুষের জন্মস্থানও এই ভূমিতে। অতএব রাজনীতি করবেন ও কথা বলবেন শালীনতার সাথে। গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি, তাই আমাদেরকে মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নাই। কারন আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জি. জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে রোববার সকাল সাড়ে ১০ টায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌড়ঙ্গি, পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে গন-সমাবেশের আয়োজন করা হয়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)