গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো—ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ফিচারগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। নতুন গ্যালাক্সি এস২৬ এফই -তেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। টপ-এন্ড এস২৬ সিরিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা এতে যুক্ত করা হয়েছে এমনভাবে, যাতে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পেতে পারেন তুলনামূলক সাশ্রয়ী প্যাকেজে।
টেকসই ডিজাইন ও উজ্জ্বল ডিসপ্লে
গ্যালাক্সি এস২৬ এফই -এর সামনে ও পেছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস+ সমৃদ্ধ আর্মার গ্লাস সুরক্ষা। ফলে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া বা আঁচড়ের মতো দৈনন্দিন ক্ষতি থেকে ফোনটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে। ফোনটিতে রয়েছে IP68 মানের সুরক্ষা, যা পানি ছিটে পড়া ও ধুলাবালির বিরুদ্ধে সুরক্ষা দেয়। ডিভাইসটি পাওয়া যাবে তিনটি মার্জিত রঙে—Blueberry, গ্রাফাইট ও পিস্তাশিও।
ফোনটির সামনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০হার্জ। ফলে স্ক্রলিং ও গেম খেলার সময় পাওয়া যায় মসৃণ অভিজ্ঞতা। ডিসপ্লেটির উজ্জ্বলতাও যথেষ্ট, তাই রোদে বা বাইরে ব্যবহার করলেও স্ক্রিনের বিষয়বস্তু স্পষ্টভাবে দেখা যায়।
ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও গ্যালাক্সি এআই
পারফরম্যান্সের দিক থেকে গ্যালাক্সি এস২৬ এফই বেশ কিছু ক্ষেত্রে নজর কাড়ে। এতে এস২৬ আলট্রা-এর বেশ কিছু সক্ষমতা পাওয়া যায়, যা মাল্টিটাস্কিং, স্প্লিট-স্ক্রিন ব্যবহার এবং ভারী গেম খেলার সময়ও বোঝা যায়। এসব কাজের সময় উল্লেখযোগ্য ল্যাগ বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনটি ভালো পারফরম্যান্স দিতে পারে।
এস২৬ এফই-এর অন্যতম আকর্ষণ সফটওয়্যার। এস২৬ সিরিজের প্রথম ডিভাইস হিসেবে ফোনটি ওয়ান ইউএই ৯ দিয়ে সরাসরি বাজারে আসছে। এর ফলে গ্যালাক্সি এআই -এর বিভিন্ন ফিচারও এতে শুরু থেকেই পাওয়া যাচ্ছে। ‘Now Brief’ ব্যবহারকারীর জন্য প্রতিদিন সকালে তার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী একটি ব্যক্তিগতকৃত ব্রিফিং তৈরি করে। অন্যদিকে, ‘Now Nudge’ পাওয়া মেসেজের ভিত্তিতে সম্ভাব্য করণীয় সম্পর্কে পরামর্শ দেয়। ‘Circle to Search’ ফিচারেও উন্নতি আনা হয়েছে। এখন একটি ছবিতে একাধিক বিষয় শনাক্ত করে সেগুলো সম্পর্কে একসঙ্গে সার্চ করা সম্ভব।
স্মার্ট ক্যামেরা ও সহজে ছবি সম্পাদনা
গ্যালাক্সি এস২৬ এফই-এর ক্যামেরা সেটআপে শুধু স্পেসিফিকেশনের দিকেই নয়, বাস্তব ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস )-সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় রয়েছে ৩x অপটিক্যাল জুম।
স্যামসাং-এর সফটওয়্যারনির্ভর বেশ কিছু ভিডিও ফিচারও এতে যুক্ত হয়েছে। ‘My FanCam’ চলমান অবস্থাতেও নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তার গতিবিধি অনুসরণ করতে পারে। নতুন ‘Horizontal Lock’ সুবিধাসহ ‘Super Steady Video’ হাঁটা বা চলার সময় ধারণ করা ভিডিওকে আরও স্থির রাখতে সহায়তা করে। কম আলোতে ছবি তোলার জন্য রয়েছে ‘Nightography’। দ্রুত জেনারেটিভ এডিটিংয়ের জন্য রয়েছে ‘Photo Assist’। আর ‘Gemini Omni’ গ্যালারিতে থাকা ছবিগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারে।
সারাদিনের ব্যাটারি ও দীর্ঘস্থায়ী সাপোর্ট
গ্যালাক্সি এস২৬ এফই-তে রয়েছে ৪,৯০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সারাদিনের সাধারণ ব্যবহার চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ওয়্যার্ড চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি ৪৫W গতিতে চার্জ হতে পারে। পাশাপাশি এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাও।
স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর জন্য সাত প্রজন্মের ওএস আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই সাপোর্ট সময়সীমা একই শ্রেণির অধিকাংশ স্মার্টফোনের তুলনায় দীর্ঘ।
বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই শিগগিরই উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, ফ্ল্যাগশিপ-স্তরের ফিচার ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বাজেটের ওপর বড় চাপ দিতে চান না—এমন ব্যবহারকারীদের জন্য এস২৬ এফই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
(পিআর/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)
