নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে ১০ বছর বয়সী ছাত্রকে বলৎকারের অভিযোগে দায়ের করা মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসায় গত বছরের ১০ জুলাই রাতে ওই ছাত্রকে আসামি তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান।
শিশুটি তার মাকে জানায়, দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে ধর্ষণ করেছেন। বিষয়টি জানাজানি হলে মেরাজ পালিয়ে যান।
পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করেন। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)
