সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে সাত জেলে আটক করেছেন স্মার্ট টিমের বনক্ষীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে আটক করা তাদের। এসময় জেলেদের কাছ থেকে মাছ ধরা জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। এদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুপতি এলাকায় নিয়মিত টহলকালে বাদামতলা খালে মাছ ধরতে দেখেন জেলেদের। বামাদতলা খালটি অভয়ারণ্যঘোষিত হওয়ায়, সেখানে মাছ ধরার অপরাধে আটক করা হয় তাদেরকে। তবে আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়েই মাছ ধরতে গিয়েছিলেন। তাদের কাছ থেকে জাল ও অন্যান্য মালামলসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ ও মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবনের সব ধরণের অপরাধ দমনে বনরক্ষীদের নিয়মিত টহলের পাশপাশি জোরদার করা হয়েছে স্মার্ট টিমের টহলও।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)
