তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এই উদ্যোগ গ্রহণ করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।

চলতি বছর এই অ্যাওয়ার্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষক নির্বাচিত হবেন। মূল্যায়নের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্র বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য শর্ত অনুযায়ী ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রকে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন বলেন, আগ্রহী শিক্ষকগণকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্ম (https://forms.gle/3j6nxSFNAxbvv9NS6 ) পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। গুগল ফর্ম পূরণে কোনো ধরনের সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)