দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুর শহরের রঘুনন্দনপুরে ১৮ একর জমির ওপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)। ক্যাডেট কলেজের আদলে তৈরি এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে ইংরেজি ভার্সনে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান, চলতি বছরের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুর পর গত ১২ আগস্ট থেকে পাঠদান শুরু হয়। এর আগে ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নামফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

অধ্যক্ষ আরও জানান, এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন এই প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকায় কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যা ফরিদপুরের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হলে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে ‘গার্লস উইং’ চালু করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে সাংবাদিকদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)