বিশেষ প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পাংশা থানাধীন কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি লিচু বাগান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৯) এবং হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে রতন রাজবংশী (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ. কে. এম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচু বাগানের ভেতর ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ইয়ামিন ও রতনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি জিআই পাইপ ও সাইকেলের ফ্রি দিয়ে তৈরি বিশেষ চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, ১টি হকিস্টিক এবং ২০ ইঞ্চির ১টি নাইলনের রশি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে এসআই মোঃ মিনহাজ উদ্দিন বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের কড়া পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৬)