আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে ডিপিএল
স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সাধারণত এপ্রিল-মে মাসেই আয়োজিত হয়। গেলো আসরে বিসিবির তৎকালীন বোর্ডের নানা অনিয়মের অভিযোগে লম্বা সময় সব ধরণের লিগ বয়কট করেছিল ক্লাবগুলো। এতে করে প্রিমিয়ার লিগ আয়োজন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এক লেগেই হয় পুরো আসর।
তবে আগামী আসর থেকে প্রতি মৌসুমে নির্দিষ্ট সময়ে ডিপিএল আয়োজন করতে চায় বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের একটি সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ডিপিএলের পরের আসরের। যা শেষ হবে এপ্রিল মাসের ৭ তারিখ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনো দেরি আছে।
গত আসরের মতো এবারও বিসিবিই খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করবে। টুর্নামেন্ট হবে মোট ৫টি ভেন্যুতে।
এছাড়া এর আগে ডিপিএল খেলার জন্য প্রতি ক্লাব পেতো ১৫ লাখ টাকা। এরপরের আসর থেকে বিসিবি ১০ লাখ বাড়িয়ে ক্লাবগুলোকে ২৫ লাখ টাকা দেবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৬)
