স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়ন না থাকলেও ক্ষমতাসীন বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দলীয় মনোনয়ন বা প্রতীক থাকছে না।
যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা মনোনয়নের ভিত্তিতে হবে না। নির্বাচনে আইন অনুযায়ী যেসব প্রার্থী বৈধ, তারা সবাই অংশ নিতে পারবেন।
বিএনপির একক প্রার্থী সমর্থনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দলীয় নির্বাচন না হওয়ায় এখানে দলীয় প্রতীক বা মনোনয়নের প্রশ্ন নেই। তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিজেদের মধ্যে আলোচনা করে একজন প্রার্থীকে সমর্থন করতেই পারে।
বিএনপির পক্ষ থেকেও প্রতিটি এলাকায় একজন প্রার্থী রাখার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৬)
