বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
স্টাফ রিপোর্টার : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তীড়ে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এখনো বেশিরভাগ ট্রলার গভীর সমুদ্র থেকে তীড়ে ফেরেনি বলে জানিয়েছে মৎস্য সংশ্লিষ্টরা।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
(ওএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৬)
