রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে চার্জে থাকা অটোরিকশা বিদ্যুতায়িত হয়ে কাঞ্চন মিয়া (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার ১৫ বছর বয়সী মেয়েও।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ আমলতী বাজার এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। নিহত অটোচালক কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও অটোরিকশাটি চার্জে দিয়ে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েন কাঞ্চন মিয়া। এরমধ্যেই অটোটি রাতের কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অটোটি বের করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন কাঞ্চন। এ সময় বাবার অস্বাভাবিক আচরণ দেখে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তার ১৫ বছর বয়সী মেয়েও।

স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাঞ্চন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)