সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থী মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে সংস্থাটি কাজ করছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সরকারি খরচে এ পর্যন্ত ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জনকে আইনি পরামর্শ ও সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ২২২ জন এবং দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন আইনি সহায়তা পেয়েছেন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন, সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯-এর মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ৩৮০ জন আইনি পরামর্শ পেয়েছেন।
পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জনকে সচেতন করা হয়েছে।
সব মিলিয়ে এ পর্যন্ত আইনগত সহায়তার মাধ্যমে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ ও বিচারপ্রার্থী মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এসব সেবা দেওয়া হচ্ছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)
