ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তার পাশ থেকে তিনটি কার্টনে রাখা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মধুখালীর বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহে টুকরোগুলো উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা সকালে রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ওই লাশের পরিচয় শনাক্ত করা হয়নি বলে জানিয়েছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়। পুলিশের প্রাথমিক ধারণা ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি সুকদেব।
(আরআর/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)
