স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বগুড়া দীর্ঘদিন থে‌কে উপেক্ষিত ও অবহেলিত রয়েছে। বগুড়ার উন্নয়ন হোক, বগুড়া ন্যায্য পাওনা পেয়ে যাক—এটাই  চাই।”

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “বগুড়ার ব্যাপারে দুটি কথা বলতে চাই। এটাকে বলা হয় উত্তরবঙ্গের নাভি। সাতদিকে সাতটা সংযোগ সড়ক, এইজন্য সাতমাথা। এখান থেকে সারা উত্তরবঙ্গকে কানেক্ট করা হয়।”

তিনি বলেন, “স্বাধীনতার আগে বগুড়া একটি মিনি শিল্পনগরী ছিল। একই সঙ্গে এটি শিক্ষার একটি হাব বা এডুকেশন ভিলেজ ছিল। কিন্তু স্বাধীনতার পর ৫৫ বছরে বগুড়ায় শিল্প এখন নেই বললেই চলে।”

তিনি বলেন, “অন্যান্য জায়গা এগিয়ে গেলেও একটি মেডিকেল কলেজ হওয়া ছাড়া এখানে বড় কোনো উন্নয়ন হয়নি।”

বগুড়ার যোগাযোগ ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান বলেন, “ধুনটে একজন শহীদ নেতার কবর জিয়ারতে গিয়েছিলেন। আমি শুনলাম যে আমরা যাব এইজন্য গত দুই দিনে এখানে রাস্তায় কিছু ঘষামাজা করা হয়েছে, বাস্তবেও তা দেখলাম।”

ডা. শফিকুর রহমান বলেন, “বগুড়া কেন উপেক্ষিত ও অবহেলিত তা জা‌নি না। আওয়ামী লীগ তিন দফায় দেশ শাসন করেছে। প্রথমবার পৌনে চার বছর, দ্বিতীয়বার পাঁচ বছর এবং তৃতীয়বার সাড়ে ১৫ বছর। এরপরও অন্য শাসকেরা দেশ শাসন করেছেন।”

“আওয়ামী লীগের গোসসা যদি হয়ে থাকে সেটা ৭৫ সালের পরে হবে, আগে তো না। সে আমলে ও না, এ আমলে ও না, বগুড়া উপেক্ষিত থাকবে কেন?”

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা চাই বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পেয়ে যাক। এবং এই ক্ষেত্রে সচক্ষে যেহেতু দেখেছি, যেখানে কথা বলার বলব ইনশাআল্লাহ।”

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৬)