রাজন্য রুহানি, জামালপুর : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নীতিগতভাবে তা অনুমোদিতও হয়েছে। চলতি বছরে বর্ধিত এই সম্পূর্ণ অর্থ বিতরণ করা সম্ভব না হলেও আগামী বছর পুরো অর্থ দেওয়া হবে।

আজ রবিবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন না—এমন ধারণা সঠিক নয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের সব সাংবাদিককে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগেই সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশ বা সংগঠন তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র বজায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার চারটি আসনের সংসদ সদস্য, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)