চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলা, হয়রানি ও মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
আজ সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম, মুকুল হোসেন ও আলম মিয়া।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলা উদ্দিন, মোশারফ, শফি, খোকন, জগলু ও কুদ্দুছসহ কয়েকজনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত ৮ সেপ্টেম্বর তার কাছে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং পরে হামলার অভিযোগে তিনি আদালতে মামলা করেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
তিনি দাবি করেন, পিবিআই তদন্তের বিষয়টি জানার পর প্রতিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে একটি পুরোনো ও পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজিয়েছে। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় যাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কয়েকজন ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। পাশাপাশি জমি বিরোধ, হামলা, চাঁদা দাবি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২৬)
