টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্তদের ক্ষুদে ৪৫ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলায় প্রাথমিকে সবচেয়ে বেশি বৃত্তি প্রাপ্ত ১৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণ গ্রেডে ২৫ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃতি শিক্ষার্থী আয়ান আদনান জানান, গুণীজনদের হাত থেকে এ সম্মাননা পেয়ে আমরা আনন্দিত। আমরা অনুপ্রাণিত হলাম। আরো ভালো করে পড়াশোনা করে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরবো ইনশাআল্লাহ।
অভিভাবক রহিমা রহমান বলেন, সন্তানের গর্বিত অর্জন প্রত্যেক বাবা মায়ের প্রত্যাশা। এমন ফলাফল স্কুলের শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ফসল। সন্তানের এমন সাফল্যে আমি ও আমার পরিবারের সকলেই ভীষণ খুশি।
(এসএম/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)
