স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

এশিয়ান গেমসের পর ২০ ওভারের ফরম্যাটে নেতৃত্ব ছাড়বেন তিনি। তবে ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়ে যাবেন ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরো বেশি মনোযোগ দিতেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবালও নিগারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানা গেছে।

২০২২ সালে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান নিগার। তাঁর নেতৃত্বে অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মূলপর্বে জয় পায় বাংলাদেশ। সেই আসরে ব্যাট ও গ্লাভস হাতে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিগার। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে নেন সাতটি ডিসমিসাল।

তবে টি-টোয়েন্টিতে নিগারের অধিনায়কত্বের সময়টা সবসময় সাফল্যে মোড়ানো ছিল না। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও ছিল মিশ্র ফল। সবশেষ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পায় বাংলাদেশ।

এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে নিগারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত এশিয়ান গেমসের পর সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে দলের নেতৃত্বে থাকছেন নিগারই।

নিগারের নেতৃত্বে এখন পর্যন্ত ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩২টিতে জয় পেয়েছে দল, হেরেছে ৪৭ ম্যাচে। বাকি এক ম্যাচের ফল হয়নি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)