ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি উদ্ধার এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার শৃঙ্খলা ফেরাতে এক উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গোয়ালচামট (ভাঙ্গা-ফরিদপুর) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন সরকারি জমিতে এ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সহায়তা করে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর একটি দল।
অভিযানে হাসপাতাল চত্বর ও এর আশপাশের সড়কসংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থায়ী-অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, সরকারি জমি দখল করে অবৈধ দোকানপাট বসানোর কারণে দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের প্রধান সড়কে চরম যানজট এবং রোগী ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। এই অভিযানের ফলে হাসপাতাল এলাকায় সুশৃঙ্খল পরিবেশ ফিরে এসেছে এবং রোগী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, হাসপাতালের পরিবেশ রক্ষা এবং সওজের জমি দখলমুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদকৃত স্থানে যেন পরবর্তীতে পুনরায় কোনো অবৈধ দখল বা দোকানপাট স্থাপন না হতে পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও মনিটরিং অব্যাহত থাকবে।
এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং স্থানীয় এলাকাবাসী। সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলছিল।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
