স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এ সিদ্ধান্তে এশিয়ান গেমসের আগে বিব্রত ও হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে এখনো জ্যোতির সিদ্ধান্ত গ্রহণ করেনি বোর্ড। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, জ্যোতি কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি তার জানা নেই।

তিনি বলেন, ‘আমি জানি না, কেন সে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিল।
এশিয়ান গেমসের আগে বিষয়টি জানানোয় আমরা কিছুটা বিব্রত ও হতাশ হয়েছি।’

জ্যোতি অবশ্য জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে তিনি আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
নেতৃত্বের চাপ থেকে কিছুটা সরে গিয়ে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতে চান তিনি। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব চালিয়ে যেতে আগ্রহী জ্যোতি।

এ বিষয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যদি কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে দল দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। আমরা বসে কথা বলে সমাধানের চেষ্টা করতে পারতাম। কিন্তু এশিয়ান গেমসের ঠিক আগে এমন সিদ্ধান্ত আসায় আমরা বিব্রত ও হতাশ।’

জানা গেছে, জ্যোতির পাঠানো ই-মেইলের পর বিষয়টি নিয়ে বিসিবির ভেতরে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো তার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেনি বোর্ড।

এশিয়ান গেমস শেষে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জ্যোতির সঙ্গে আলোচনায় বসবেন। সেই আলোচনার পরই তার সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৬)