দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর হাফিজার শেখকে (৫৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর থেকেই পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হাফিজার। এ নিয়ে পরিবারে একাধিকবার সালিশ হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে গৃহবধূকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন হাফিজার।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাবার বাড়িতে গিয়ে পরিবারকে জানান এবং মধুখালী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি মধুখালী থানার তৎকালীন এসআই সৈয়দ তোফাজ্জেল হোসেন আসামি হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালতে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ডিসি/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)