স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন গত মৌসুমে ৬১ ম্যাচে ৭৩ গোল করেছেন। আছেন ব্যালন ডি-অর জয়ের দৌড়ে। কিন্তু ইংল্যান্ডের আরেক কিংবদন্তি ডেভিড বেকহাম নিজের দেশের তারকা কেইনকে নয়, বরং লিওনেল মেসিকেই এবার ব্যালন-ডি-অর জয়ের সবচেয়ে যোগ্য মনে করছেন!

মেসি ইন্টার মায়ামিতে খেলেন। এই ক্লাবেরই অন্যতম মালিক বেকহামের মতে, ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল এতটাই বিশেষ যে নবমবারের মতো এই পুরস্কার জেতার দাবিদার তিনি। চলতি বছরের ব্যালন ডি’অর আগামী ২৬ অক্টোবর লন্ডনে দেওয়া হবে।

বিশ্বকাপে মেসি আট গোল করেছেন। যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনাকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে বেকহামের চোখে, পুরো টুর্নামেন্টে মেসির প্রভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

অ্যাপল টিভিকে বেকহাম বলেন, ‘যখন দেখবেন বিশ্বকাপে সে কী করেছে, তখন ভাবতে বাধ্য হবেন যে আবারও ব্যালন-ডি-অরের জন্য বিবেচিত হওয়াটা তার কোনো ভাগ্যের ব্যাপার নয়। সম্ভবত সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল। গত বছরও তার অসাধারণ একটি বছর কেটেছে।’

এরপর মেসির বয়সের প্রসঙ্গ টেনে বেকহাম বলেন, ‘সে বিশ্বকাপে ৩৯ বছর বয়সে প্রতিটি ম্যাচে যেভাবে প্রভাব ফেলেছে, সেটা বিশেষ কিছু। এই বয়সে এমন আর কেউ নেই। আমার মতে, তারই এটা (ব্যালন) জেতা উচিত।’

বেকহামের এই মন্তব্যের সময় অবশ্য ব্যালন-ডি-অরের দৌড়টা বেশ উন্মুক্ত। কেইন ছাড়াও কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, লামিনে ইয়ামাল মতো তারকারা আলোচনায় আছেন। বিশ্বকাপে স্পেনকে চ্যাম্পিয়ন করার পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রদ্রি।

তবু মেসির ক্ষেত্রে বেকহামের সমর্থনটা বেশ সরাসরি। ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচ খেলা সাবেক এই তারকা বলেন, ‘আপনি সেখানে কেইন, কিলিয়ান, বেলিংহাম এবং আরও দুর্দান্ত খেলোয়াড়দের পাচ্ছেন। কিন্তু লিওর কথা যখন আসে, তখন আমি তার সবচেয়ে বড় সমর্থক।’

এখন পর্যন্ত আটবার ব্যালন-ডি-অর জিতেছেন মেসি; ২০০৯, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৩ সেলে। এবার তাঁর সামনে তাই অপেক্ষা করছে নবমবারের মতো এই ব্যক্তিগত স্বীকৃতি অর্জনের।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)