টাঙ্গাইল প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে কাজ করছে বর্তমান সরকার।

আজ শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইল বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় সহস্রাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের সংবর্ধনা আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করবে এবং তাদের ক্লাসমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টাঙ্গাইলকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যুব সমাজের সবচেয়ে বড় শত্রু মাদক। তাই সবাইকে মাদককে ‘না’ বলতে হবে। আগামী দুই বছর শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ,শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মোটিভেশনাল বক্তব্য রাখেন ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ স্যার। তিনি বলেন, জীবনে দুটি বদঅভ্যাস থেকে দূরে থাকতে হবে। একটি হলো মিথ্যা বলা, অন্যটি ধূমপান। এসব থেকে দূরে থেকে শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামীতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রিজুয়ান সিদ্দিকী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৬)