বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত পরিচয় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

নিহত ভ্যানযাত্রী জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরা থানার মোক্তার হোসেন সড়কের ছামাদ আকনের ছেলে।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলার বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে নাহিদ হাসান। এ সময় খাজুরা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম খলিল নিহত হন ও তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত পরিচয় ভ্যানচালক গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৬)