পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
রিপন মারমা, রাঙামাটি : দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'DU THM Club'-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙামাটির কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল হাসান রিফাত। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাহাড়ি জনপদের এই কৃতি তরুণ আরও একটি অনন্য উচ্চতায় পৌঁছলেন।
বিভাগের সভাপতি নাসির চৌধুরী, উপদেষ্টা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নবনির্বাচিত এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিচিত মুখ, কাপ্তাইয়ের স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. রহমত উল্যাহর সুযোগ্য সন্তান রায়হাতুল রিফাত। শিক্ষাজীবন, সাংগঠনিক দক্ষতা ও করপোরেট সংস্কৃতির এক চমৎকার সমন্বয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে এক্সিকিউটিভ এমবিএ-তে (EMBA) অধ্যয়নরত।
এর আগে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'হাল্ট প্রাইজ ফাউন্ডেশন'-এর ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কলেজ জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজের নেতৃত্বের ভিত্তি মজবুত করেন রিফাত একাডেমিক অর্জনের পাশাপাশি করপোরেট জগতেও রয়েছে তাঁর সফল পদচারণা। পড়াশোনার পাশাপাশি তিনি চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল 'রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে টানা প্রায় দেড় বছর সুনামের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি সেলস, মার্কেটিং ও ইনভেস্টমেন্ট কনসালটিং খাতে পেশাদার কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রায়হাতুল রিফাত বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট এবং সরাসরি দেশের পর্যটন শিল্পের সাথে শিক্ষার্থীদের সুদৃঢ় সংযোগ তৈরিতে আমি অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।"
কাপ্তাইয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে আসায় স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসার জোয়ার বইছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, রিফাতের এই বহুমুখী অভিজ্ঞতা এবং নেতৃত্ব আগামী দিনে দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে এবং পাহাড়ি অঞ্চলের অন্য তরুণদের জন্যও এটি একটি অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৬)
