‘তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি, এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে নিজেকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ করছে, গণতন্ত্র ধ্বংস করছে। যারা গণতন্ত্র ধ্বংস করেছে, অতীতে তাদের স্থান হয়েছে ইতিহাসে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে যাবেন। তিনি কি হেলিকপ্টারে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন?
লংমার্চ ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে, সেটা প্রতিরোধে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। ব্যানার, ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব না।
এনসিপির আহ্বায়ক বলেন, দফা বাড়ছে। আমরা জানি, সব দফা কোথায় এসে ঠেকবে? এক দফায়। সেটার জন্য প্রস্তুত হোন। ইনশাআল্লাহ, যত বাধাই আসুক, আমরা শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করব।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যেসব আইন এবং প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকার হরণ করত, বর্তমান সরকারও ঠিক একই আইন এবং প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে শুরু করছে। আমরা বলতে চাই, বিগত ১৬ বছর আমরা লড়াই করেছিলাম মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনারা আমাদের সঙ্গে ছিলেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
