স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

তিনি বলেন, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ), জিআর (জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে, তেমনি আর্থিক প্রবাহ প্রান্তিক পর্যায়ে সঞ্চারিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন ২০২৬-এর উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

দুলু বলেন, খাল খনন বর্তমান সরকাররে নির্বাচনি প্রতিশ্রুতি। খালের পানিতে শুষ্ক মওসুমে চাষাবাদ, বর্ষা মওসুমে পানি নিষ্কাশন, খালে মাছ ও পাড়ে গাছ লাগানের মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০২৬)