জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ মিছিল
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরে মধ্যরাতে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামের ব্যানারে বের করা হয় মিছিলটি। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
গতকাল শুক্রবার রাতের দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় বাইপাস সড়কে বের করা হয় মিছিলটি। ব্যানারে আয়োজক হিসেবে ‘জামালপুর জেলা যুবলীগ’ কথাটি উল্লেখ ছিল।
স্থানীয়রা জানায়, মধ্যরাতে ২৫ থেকে ৩০ জনের যুবলীগের নেতাকর্মীদের মশাল হাতে মিছিল করতে দেখা যায়। এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু', 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে, বাংলাদেশে আগুন জ্বলবে’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’, 'যুবলীগের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'ফারহান ভাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার'সহ নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এমনকি মিছিলের নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় কাউকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুস সাকিব জানান, 'এ ঘটনায় পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।'
(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
