ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মুকসুদপুরের আগারী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামির বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার সকালে গোপালগঞ্জের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
