পাংশায় একরাতের আগুনে নিঃস্ব ৩ পরিবার, পুড়ল ৬ বসতঘর
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌরসভার নারায়ণপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে মরহুম মকবুল শেখের ছেলে শামসুল শেখ (৪৮), মনঞ্জেল শেখ (৬০) ও মেয়ে আকলিমা খাতুনের বসতঘর পুড়ে যায়। তিন পরিবারের মোট ১০ জন সদস্য ওই বাড়িগুলোতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকা ও সরু রাস্তার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকর্মীদের বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, এতে প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ অগ্নিকাণ্ডে সবচেয়ে বড় আঘাত এসেছে শামসুল শেখের পরিবারে। তার ছেলে সোহান শেখ দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার প্রস্তুতি চলছিল। চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্রও সম্পন্ন হয়েছিল এবং কষ্টার্জিত টাকা দিয়ে চিকিৎসার খরচও জোগাড় করা হয়েছিল।
কিন্তু সেই চিকিৎসার প্রস্তুতি ও জমানো অর্থও আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি। আগুনে পুড়ে গেছে ঘরের অন্যান্য মালামালের সঙ্গে চিকিৎসার জন্য জমানো অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী। ফলে অসুস্থ ছেলের চিকিৎসা কীভাবে হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, একরাতের আগুনে তাদের মাথা গোঁজার ঠাঁইসহ জীবনের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। এখন নতুন করে ঘর তোলা এবং অসুস্থ সোহানের চিকিৎসা করানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষতিগ্রস্ত তিন পরিবার এ অবস্থায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
(একে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)
