একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার : চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেনি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী।
অর্থাৎ তারা যে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেখানে ভর্তির কোনো আগ্রহ নেই। পাশাপাশি মাইগ্রেশন আবেদন করে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়। ফলে রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়ায় তারা অংশ নিতে পারছে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে একাদশে ভর্তির প্রাথমিক ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়।
প্রাথমিক ফল প্রকাশের পর নির্বাচিতদের কলেজে ভর্তির জন্য নির্ধারিত ফি পরিশোধ করে নিশ্চায়ন করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে নিশ্চায়ন করেছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। বাকি ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন করেনি।
অন্যদিকে নিশ্চায়ন করার সময় মাইগ্রেশন (কলেজ পরিবর্তন) চালু রেখেছিল ৪ লাখ ১৯ হাজার ১৭৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫৫ হাজার ৮০৪ শিক্ষার্থীর কলেজ পরিবর্তন হয়েছে। তারা আগে যে কলেজ পেয়েছিল, এখন ভিন্নটি পেয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, যারা নিশ্চায়ন করেনি, তাদের প্রাথমিক মনোনয়ন বাতিল হয়েছে। এখন তাদের ভর্তির জন্য পুনরায় আবেদন করতে হবে। আমরা প্রথম ধাপে নির্বাচিত ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী ভর্তির পর আবার আরেক দফা আবেদন নেবো। সে সময় তারা আবেদন করে ভর্তির সুযোগ পাবে।
প্রথম ধাপে ভর্তি হতে পারছে না ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী
এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪৩ হাজার ৪৬২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রথম ধাপে ভর্তির সুযোগ পেয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। বাকি ২ লাখ ৯০ হাজার ২১ জন বিভিন্ন কারণে প্রথম ধাপে ভর্তির সুযোগ পাচ্ছে না।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, বাদ পড়াদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ২২৮ জন একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদনই করেনি। আর ১৪ হাজার ৪১৫ জন আবেদন করেও কোনো কলেজে মনোনয়ন পায়নি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন রয়েছে।
এছাড়া প্রাথমিক ফলাফলে কলেজ পেলেও ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন করেনি। এতে তারা প্রথম ধাপে ভর্তির আর সুযোগ পাচ্ছে না।
বিভিন্ন কারণে প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীদের ভর্তি কীভাবে নেওয়া হবে এমন প্রশ্নে ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘একাদশে ভর্তি ও ক্লাস শুরুর পর তাদের জন্য আরেক দফা সুযোগ দেওয়া হবে। নিয়ম মেনে তারা আবেদন করলে নিশ্চয়ই ভর্তির সুযোগ পাবে। কারণ ভর্তির জন্য একাদশে ১২-১৩ লাখেরও বেশি আসন শূন্য রয়েছে। ফলে কারও ভর্তির সুযোগ না পাওয়ার কোনো আশঙ্কা নেই।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)
