ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের সদর হাসপাতালের পাশে অবস্থিত পুরাতন কালীবাড়ী ২নং উত্তর কালীবাড়ী মন্দিরে তালা কেটে চুরি সংঘটিত হয়েছে।
অজ্ঞাতনামা চোর চক্র কষ্টিপাথরের কালীমাতার বিগ্রহ, আনুমানিক ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য ধর্মীয় দেব-দেবীর মূর্তি ও রৌপ্যালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটের সময় মন্দির কমিটির সভাপতি ও সেবায়েত কুশল চক্রবর্তীর কাকা দেবী প্রসাদ চক্রবর্তী (পানু) প্রতিদিনের ন্যায় পূজা-অর্চনা শেষে মন্দির ও গেটের সব তালা বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ২০ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫ টা ৪০ মিনিটের সময় মন্দিরে পুনরায় পূজা দিতে গিয়ে দেখা যায়, মন্দিরের সবগুলো তালা কাটা এবং দরজা খোলা।
পরবর্তীতে মন্দিরের ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায়, মূল কষ্টিপাথরের কালীমাতা বিগ্রহ, মায়ের গায়ের ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার, পিতলের একাধিক ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেব মূর্তির সাথে পেঁচানো আনুমানিক ৮-১০ ভরি ওজনের রূপার সাপসহ অন্যান্য জিনিসপত্র নিখোঁজ রয়েছে।
ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও মন্দির কমিটির সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কষ্টিপাথরের কালী মূর্তির সাথে থাকা মহাদেব মূর্তির অংশ এবং কালীমাতার পায়ের পাতার অংশ উদ্ধার করা সম্ভব হলেও বাকি অলঙ্কার ও মূল্যবান মূর্তিগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
জরুরী সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে মন্দিরের সেবায়েত ও সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
(ডিসি/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)
