জুয়া খেলার ডিভাইসসহ সরঞ্জাম উদ্ধার
নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে চক্রের মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় বাজারের মা ফার্মেসিতে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন (২৬) ও তার সহযোগী সজীব হোসেনসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন, প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দিন মোল্যা (২৮), লাছু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)।
পুলিশের দাবি, চক্রটি বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধার করা ডিভাইসে 1xBet, Melbet, Ck44.Com ও F11-সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য এবং বড় অঙ্কের ই-লেনদেনের তথ্য পাওয়া গেছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং আটককৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
