রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. লাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাবু মিয়ার বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয় ২০২৪ সালের ১৩ নভেম্বর। মামলার বাদী জাহিদুল ইসলাম ঝুনু। অপর মামলাটি করা হয় ২০২৪ সালের ৯ ডিসেম্বর। ওই মামলার বাদী ইয়াজুর রহমান বাবু।

পুলিশের ভাষ্য, মামলা হওয়ার পর থেকে লাবু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সোমবার শালনগর ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হবে।”

(আরএম/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)